২০১৮ সালের সেই কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছিল। সেই একাদশে ছিলেন খাজা ও কামিন্সও। খাজার ‘সবর’ বই প্রকাশের পর কামিন্সের সঙ্গে স্ত্রী বেকি কামিন্সের ঝগড়ার একটা ভিডিও সামনে আসে। ২০১৩ সালে কিংস ক্রসের একটি বারে পরিচয়ের পর থেকে একসঙ্গে রয়েছেন কামিন্স ও বেকি। প্রকাশ্যে তাঁদের এমন পরিস্থিতি দেখে সামাজিক মাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।
ঝগড়ার ব্যাপারটি অবশ্য দীর্ঘায়িত হতে দেননি কামিন্স ও বেকি। সম্প্রতি নিজের একটি পোস্টের মাধ্যমে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা জল্পনা কার্যত উড়িয়ে দেন অজি অধিনায়ক। অন্যদিকে বেকিও ইনস্টাগ্রাম স্টোরিতে কামিন্স ও মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে কামিন্সের স্ত্রী লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষগুলো।’
খাজার আত্মজীবনীতে দাবি করা হয়েছে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। সেই তালিকায় কামিন্সের নামও উল্লেখ করেছেন খাজা। শুধু কেপটাউন টেস্ট নয়, এর আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন খাজা। খাজার এমন বিস্ফোরক বক্তব্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও কামিন্সের সতীর্থ পেসার মিচেল স্টার্ক স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছু জানার কথা সরাসরি অস্বীকার করেছেন।
ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে স্যান্ডপেপারগেট কাণ্ডে অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটারদের সম্পৃক্ততা এবং এ ব্যাপারে তাদের পূর্বজ্ঞান ছিল কি না, তা নিয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে পারেন কামিন্স। ফলে খাজার অভিযোগের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক কী বলেন, এখন সেটাই শুধু দেখার অপেক্ষা।

দৈনিক টার্গেট 


























