ভিক্টোরিয়া পার্কে ডিএমপির অভিযান, জরিমানা ও গ্রেফতার

আইন

রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার বিকেলে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক দণ্ড ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২৯ জুলাই বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযানে অংশ নেয় ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ, সূত্রাপুর থানা এবং কোতয়ালী থানা পুলিশ। অভিযানের সময় ভিক্টোরিয়া পার্ক এলাকায় চলাচলরত বিভিন্ন যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স টোকেন পরীক্ষা করা হয়। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে একাধিক চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ ছাড়া, একজন চালককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং কাগজপত্র না থাকায় ৪টি যানবাহন জব্দ করে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুধু যানবাহন নয়, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়েও কঠোর ছিলেন ম্যাজিস্ট্রেট। ফুটপাত ও রাস্তায় মালামাল রেখে দখল করার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে জনসাধারণের চলাচলের পথ দখল করে রেখেছিলেন বলে জানা যায়।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের একজন কর্মকর্তা জানান, “এই ধরনের অভিযান নিয়মিত চলবে। আমাদের লক্ষ্য নগরবাসীর জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তারা সদা প্রস্তুত।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।