বাগেরহাটে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক নজরদারি জোরদারের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে বাগেরহাট সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন। সভায় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবারই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবার যদি সন্তানদের প্রতি সচেতন থাকে এবং নিয়মিত খোঁজ-খবর নেয়, তাহলে মাদকাসক্তির হার অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, জুয়া ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. শরীফ খান বলেন, মাদক, চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা অত্যন্ত জরুরি। তিনি স্থানীয় পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, অপরাধীরা সাধারণত আড়ালে থাকে, তাই সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া তাদের চিহ্নিত করা কঠিন।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ইভটিজিং, স্থানীয় কোন্দল এবং মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করতে পারে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাগেরহাটে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করা হবে।
দৈনিক টার্গেট 






















