আজ মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।
এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদ ফয়সাল কবির আখন্দকে ছাত্রদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

দৈনিক টার্গেট 

























