অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে কথা বলেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। তবে দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আলোচনাগুলো ছিল বেশ খোলামেলা। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, দরজাটা খোলা রাখব। সামনে কয়েকটি সিরিজ ছিল এবং তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। বাংলাদেশেও আমরা সেটি দেখেছি। ছেলেরা সুযোগ পেয়েছে এবং খুব ভালো পারফরম্যান্স করেছে।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই সংস্করণে তাঁর সংগ্রহ ২ হাজার ৮৯৭ রান ও ৫১ উইকেট। টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তিতে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক ম্যাক্সওয়েল।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৭ সালে খেলেছেন নিজের শেষ টেস্ট। এই সংস্করণে তাঁর রান ৩৩৯। ভারতের বিপক্ষে রাঁচিতে করা ১০৪ রান টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে ১৪৯ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান। অপরাজিত ২০১ রান তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস। এই সংস্করণে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৭৭টি উইকেট নিয়েছেন তিনি।

দৈনিক টার্গেট 



























