কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে ২৮৮ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১১ রানে। প্রথম ইনিংসে যেখানে জশ ইংলিস সেঞ্চুরি করেছিলেন, সেই অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রাহক নাথান লায়ন করেন ৩৩ রান। প্রথম সারির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান আসে গ্রিনের ব্যাটে। ম্যাকডোনাল্ড এটাকে তেমন একটা দুশ্চিন্তার কারণ মনে করছেন না। অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘আমাদের দলে এখনো অনেক ভালো ক্রিকেটার রয়েছে। ব্যাটিং ইউনিটের দিকে তাকালে মনে হয়, সফরের শুরুর তুলনায় আমরা এখন আরও শক্তিশালী অবস্থানে ফিরছি।’
এবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। টানা দুই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পরও তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা সফর শেষে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে ফিরছে দল। তবে ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রয়োজনে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক কামিন্সও।
দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা পেছনে ফেলে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের কাছে ১৭৬ রানে হেরে টেস্ট র্যাঙ্কিংয়ে সিংহাসন খুইয়ে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। এখন শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। সবশেষ পাঁচ টেস্টের মধ্যে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় হার। টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে নেমে গেছে অজিরা। এখানে দুইয়ে অবস্থান করছে প্রোটিয়ারা।

দৈনিক টার্গেট 


























