১৩ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হওয়ায় ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অরুণ জেটলি স্টেডিয়ামের আউটফিল্ডকে বালুভিত্তিক সার্ফেসে রূপান্তরের কাজ চলছে। এই সংস্কারকাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগলে ২০২৭ আইপিএলের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। এ বছরের সেপ্টেম্বরে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচটাই দিল্লিতে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে হয়েছে আরও আগে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটাই অরুণ জেটলিতে সবশেষ কোনো ওয়ানডে।
ভারত-শ্রীলঙ্কা শুধু এ বছরের শেষে ওয়ানডেই খেলবে না। টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ১৩ ডিসেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। আইপিএলের নিলামের দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। আহমেদাবাদে ১৯ ডিসেম্বর হবে তৃতীয় ওয়ানডে।
টি-টোয়েন্টি সিরিজও হবে তিনটি আলাদা ভেন্যুতে। ২২ ডিসেম্বর রাজকোটে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কটকে ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। পুনেতে ২৭ ডিসেম্বর হবে তৃতীয় টি-টোয়েন্টি।

দৈনিক টার্গেট 
























