ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। চারটি টেস্টে ৭২২ রান করে এখন তাঁর সামনে রয়েছে ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুযোগ। আগামী ওভাল টেস্টে মাত্র কয়েক রান করলেই গিল সুনীল গাভাস্কারসহ অন্য কিংবদন্তিদের ছাড়িয়ে যেতে পারেন।
১৯৭৮-৭৯ মৌসুমে সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ টেস্টে ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন, যা ৪৬ বছর ধরে অটুট ছিল। বর্তমানে গিল ৭২২ রান সংগ্রহ করেছেন এবং মাত্র ১১ রান করলেই এই রেকর্ডের নতুন মালিক হবেন। এর পাশাপাশি, অধিনায়ক হিসেবে একটানা সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গিলের দখলে আসার পথে। ১৯৭১ সালে গাভাস্কার এই রেকর্ডটি গড়েছিলেন ৭৭৪ রান করে।
গিলের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। মাত্র ৮৯ রান করলে তিনি অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন। বর্তমানে এই রেকর্ডের শীর্ষে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান, যাঁর নামের পাশে আছে ৮১০ রান। গাভাস্কার এবং ডেভিড গাওয়ারের (৭৩২) সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে গিল। তবে মাত্র কয়েক রান দূরে রয়েছেন গ্রাহাম গুচও, যার রান ৭৫২।
এছাড়াও, গিল এক সিরিজে পাঁচটি সেঞ্চুরি করার কীর্তিও গড়তে যাচ্ছেন। বর্তমানে তিনি চারটি সেঞ্চুরির সঙ্গে ব্র্যাডম্যান এবং গাভাস্কারকে সমান করেছেন। এই সেঞ্চুরি অর্জন করলে গিল স্পর্শ করবেন ১৯৫৫ সালে স্যার ক্লাইড ওয়ালকটের ৭০ বছর পুরানো রেকর্ড, যিনি পাঁচটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে।
শুভমান গিলের এই ফর্ম এবং রেকর্ড ভাঙার দৌড় ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা এবং প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ওভালের মাঠে গিলের ব্যাট থেকে কতো বড় ইতিহাস রচিত হয়, সেটাই এখন সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন।
দৈনিক টার্গেট 
























