শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন হামজা বলেছিলেন, ‘সাফে বাংলাদেশই ফেবারিট।’ গতকাল রাতে সেটারই বাস্তব প্রমাণ দেখাল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলের দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে হামজার লক্ষ্য আরও বড়। গতকাল লঙ্কানদের বিপক্ষে জয়ের পর সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবারের মতো নিজের দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। দলের দারুণ পারফরম্যান্স ছিল।তবে সামনে এখনো অনেক পথ বাকি।’
জাতীয় স্টেডিয়ামে গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে শোরগোল ফেলে দিয়েছিলেন হামজা। ঠিক এক বছর পর গতকাল একই মাঠে ফারহান আলী ওয়াহিদ চোখধাঁধানো এক গোল করেছেন। শমিত সোমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে ড্রিবলিংয়ে চার লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন এই তরুণ উইঙ্গার। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা তখন কেবল দাঁড়িয়ে অসহায় চোখে দেখলেন সেই প্রদর্শনী আর সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখে ছিল ঘোর লাগা অবিশ্বাস। ফারহানকে নিয়ে হামজা লিখেছেন, ‘ফারহান আলী ওয়াহিদ। অভিনন্দন ভাই।’ পোস্টের শেষে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন।
হামজার পারফরম্যান্সে মুগ্ধ তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেডও। তাঁর উদযাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে শেফিল্ড লিখেছে, ‘হামজা চৌধুরী গোল করেছেন। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ৪-০ গোলের বিশাল জয় এনে দিয়েছেন আজ (গতকাল)।’ পোস্টের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছে শেফিল্ড।
শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।

দৈনিক টার্গেট 
























