বিজ্ঞাপনের একটি কাজের আলোচনা ও চুক্তি স্বাক্ষরের কথা বলে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় তিনি রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) রাতে স্নিগ্ধা চৌধুরী লিখিত অভিযোগ দাখিল করেন। মামলায় তিনি দাবি করেন, বিজ্ঞাপনের কাজের বিষয়ে কথা বলার জন্য তাকে হাসপাতালে যেতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং একপর্যায়ে শারীরিক নির্যাতনের শিকার হন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে অন্য এক নারী ‘জেবা তাকিয়া’ বলে ভুল করা হয়। তার অভিযোগ, একটি ব্যবসায়িক বিরোধের জেরে ওই নারীকে খুঁজছিলেন অভিযুক্ত ব্যক্তি। ভুল পরিচয়ের কারণে ক্ষুব্ধ হয়ে তিনি স্নিগ্ধার ওপর হামলা চালান।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নির্যাতনের সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, চুল টেনে ধরা হয়, হাত-পা বেঁধে রাখা হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে ভীতিকর মন্তব্যও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
স্নিগ্ধা চৌধুরী বলেন, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ব্যক্তিগত জীবন ও পেশাগত সুনামের কথা বিবেচনা করে শুরুতে আইনি পদক্ষেপ নিতে দ্বিধায় ছিলেন। পরে ন্যায়বিচারের প্রত্যাশায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।
এদিকে, মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছে।
দৈনিক টার্গেট 






















