গত ৮ সেপ্টেম্বর কেজের সমুদ্রতীরবর্তী ওই বাড়ির ড্রাইভওয়েতে ২৫ ফুট গভীর এবং ৩০ বাই ৬০ ফুট ব্যাসের বিশাল এই গর্তের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড় মারি, প্রবল বৃষ্টি ও উপকূলীয় তীব্র ভাঙনের কারণেই এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ড্রাইভওয়ের পিচ ও কংক্রিট ফেটে গর্তে ধসে পড়ে। সেই সঙ্গে একটি নির্মাণাধীন সাইটের কিছু অংশও গর্তে তলিয়ে যায়।
এর ফলে কেজের বাড়িসহ আশপাশের ৩১টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মালিবু শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক পরিস্থিতির কারণে সাতটি বাড়ি পুরোপুরি বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি বাড়ি ‘রেড-ট্যাগ’ করা হয়েছে, কারণ রাস্তা ধসে যাওয়ায় ওই এলাকায় ফায়ার সার্ভিস বা পুলিশের গাড়ি যাওয়ার কোনো উপায় নেই।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কমিক কনের এক প্যানেলে অংশ নিয়ে নিকোলাস কেজ নিজের এই আবাসন পরিস্থিতি নিয়ে কথা বলেন। কেজ বলেন, ‘আমি এখন কিছুটা গৃহহীন অবস্থায় আছি। মালিবুতে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তাই এখন একরকম হোটেলেই দিন কাটাচ্ছি।’
এদিকে সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, কেজ তাঁর বাড়িটি বাঁচাতে এরই মধ্যে লড়াই শুরু করেছেন। বিপর্যয় সৃষ্টির কয়েক দিনের মধ্যেই তিনি কর্তৃপক্ষের কাছে তিনটি জরুরি অনুমোদনের আবেদন করেন। এর মধ্যে ঢেউয়ের আঘাত ও ভাঙন ঠেকাতে বাড়ির বাইরে বালুর বস্তা ফেলার অনুমতি পেয়েছেন তিনি। এ ছাড়া গর্ত থেকে পিচ ও কংক্রিটের ধ্বংসস্তূপ সরানো এবং মাটি পরীক্ষার জন্য খননকাজেরও অনুমোদন দেওয়া হয়েছে তাঁকে।
শিগগিরই এইচবিওর ‘ট্রু ডিটেকটিভ’ সিরিজের পঞ্চম সিজনে আন্তোনিও বান্দেরাসের সঙ্গে দেখা যাবে নিকোলাস কেজকে। এ ছাড়া ১১ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত আমাজনের ‘ম্যাডেন’ সিনেমায় ফুটবল কোচের চরিত্রে পর্দায় হাজির হবেন এই অস্কারজয়ী তারকা।

দৈনিক টার্গেট 

-37a811-256x144.webp)

























