কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।
যাপিত জীবন দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।
নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘যাপিত জীবন একটি নামকরা উপন্যাস। ঐতিহাসিক গল্পের পরিবেশ, স্থান, কাল ধারণ করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ, চারপাশের আবহ এখন অনেক বদলে গেছে। শিল্পীদের কস্টিউম থেকে শুরু করে লোকেশনের আবহটা আনতে আমরা দীর্ঘদিন কাজ করেছি। অনেক সময় নিয়ে যত্ন করে সিনেমাটি বানিয়েছি। এখানে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আশা করছি সবার ভালো লাগবে।’
২০২২ সালে শুরু হয়েছিল যাপিত জীবন সিনেমার শুটিং। ওই বছরেই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। ২০ নভেম্বর থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সিনেমাটি মুক্তির জন্য আমিও অপেক্ষা করছিলাম। কাজ আগে শেষ হলেও ভালো সময়ের অপেক্ষা করছিলাম। চাইছিলাম সিনেমাটি দর্শক দেখুক। কেউ জানল না, হুট করে মুক্তি দিয়ে দিলাম, এমনটা চাইনি।’

দৈনিক টার্গেট 
























