গতকাল রোববার (১ নভেম্বর) সড়ক পরিবহন বিধিমালা সংশোধনের গেজেটে প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করে এসব পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
এ ছাড়া সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে বিআরটিএ। এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালায় এ সংশোধন এনেছে সরকার।

দৈনিক টার্গেট 




























