লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, কানের প্রতিবেদন অনুযায়ী—টুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মস্কোর কাছে অবস্থিত রাশিয়ার চকালোভস্কি বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল।
তবে কী পরিস্থিতিতে বিমানটি ইসরায়েলে অবতরণ করেছে, তা এখনো স্পষ্ট নয়। বিমানটির যাত্রীদের পরিচয় এবং তাদের ইসরায়েল সফরের উদ্দেশ্য সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। কান জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেন গুরিয়ন বিমানবন্দরে এ ধরনের কোনো বিমানের অবতরণের ঘটনা রেকর্ড করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, একটি রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম বিমানটির গতিবিধি শনাক্ত করা হয়। পরে সোমবার সকালে ইসরায়েলের বিমানবন্দরে অবস্থানরত রুশ সামরিক বিমানটির ভিডিও ফুটেজও সংগ্রহ করে কান।
কানের তথ্য অনুযায়ী, সোমবার কোনো একসময় বিমানটির ইসরায়েল ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিমানটির সম্ভাব্য উড্ডয়নের নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এদিকে, বিমানটির অবতরণ ও সফরের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলে অবস্থিত রুশ দূতাবাস।

দৈনিক টার্গেট 



























