স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিরা সবাই আলিয়াগা এলাকার হাবাস ডেমির চেলিক কারখানার শ্রমিক। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে তাঁদের একজনের ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, একটি ক্রেনের সাহায্যে বিকল্প বয়লার সরানোর সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে বয়লারসহ বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা চুল্লির ওপর পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে বলেও জানান গভর্নর।
কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে (চুল্লি) নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।
বিবিসি নিউজের তুর্কি বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কারখানাটি ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার প্রধান কেন্দ্রগুলোর একটি।
এদিকে দেশটির স্বাধীন নাগরিক সংগঠন তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা।

দৈনিক টার্গেট 


























