এই ম্যাচকেই ফাইনালের আগে ফাইনাল মনে করছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। গতকাল তিনি বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল; তবে এই ম্যাচটি সত্যিকার অর্থেই ফাইনাল, কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল—অথবা বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে, আর ফাইনাল জিততে এবং সাফ টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
আসিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ। তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। ডুলির ভাষায়, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি এবং আমরা এটা সমর্থকদের জন্যই করি—আর পাকিস্তানকেও এটা দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, এটা নিশ্চিত।’

দৈনিক টার্গেট 

























