সম্প্রতি ‘ন্যাশনাল লিগ অন ডিএজেডএন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামজাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ফারহান। ২৮ বছর বয়সী শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেন, ‘দলে হামজার মতো একজনকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। মাঠ এবং মাঠের বাইরে তিনি এক অনুপ্রেরণা।’
শ্রীলঙ্কার বিপক্ষে ডিফেন্ডারদের কাটিয়ে ফারহানের ঠান্ডা মাথার ফিনিশিংয়ের পর হামজার প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়েছিল দুজনের রসায়ন। বল জালে জড়াতেই বিস্ময়ে মুখ হাঁ হয়ে গিয়েছিল বাংলাদেশ অধিনায়কের। দুই হাত ওপরে তুলে উচ্ছ্বাস প্রকাশের পর ছুটে গিয়ে ১৯ বছর বয়সী সতীর্থের কাঁধে হাত রাখেন এবং ইশারায় সবার নজর তাঁর দিকে ঘুরিয়ে দেন। শুধু ফারহানই নন, শেষ বাঁশির পর ফাহমেদুল ইসলাম ও জায়ান আহমেদের সঙ্গে তাঁর উচ্ছ্বসিত আলিঙ্গনের মুহূর্তেও পাশে দাঁড়িয়ে তা উপভোগ করতে দেখা গেছে হামজাকে। ড্রেসিংরুমে তরুণদের এমন মেলবন্ধন দলের ভেতর ইতিবাচক আবহ তৈরিতে বড় ভূমিকা রাখছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওই গোলের পর ফারহানকে বিশ্ব ফুটবলের বড় তারকাদের সঙ্গে তুলনা করতে শুরু করেছিলেন অনেকেই। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া তরুণ এই ফরোয়ার্ডকে চাপমুক্ত রেখে নিজের মতো করে নিজস্ব পরিচয় গড়ে তোলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের হার মনে করিয়ে দিয়েছে, শুধু ব্যক্তিগত ঝলক বা মুহূর্তের উজ্জ্বলতায় বড় সাফল্য আসে না; দল হিসেবে আরও ধারাবাহিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে হবে বাংলাদেশকে। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া দলটিতে হামজার অভিজ্ঞতা বিনিময় ইতিবাচক শুরু হলেও শেষ পর্যন্ত পারফরম্যান্স দিয়েই নিজেদের নাম প্রতিষ্ঠা করতে হবে ফারহান ও তাঁর তরুণ সতীর্থদের।

দৈনিক টার্গেট 






















