দুলু বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওই ঘোষণার কারণে অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন। এমনকি নিরীহ সমর্থকেরাও এর ভোগান্তিতে পড়ছেন।
আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনা এ নিয়ে আতঙ্ক ও উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারা দেওয়া। সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই শেখ হাসিনা বলেছিলেন, ‘একদিনের জন্য খালেদা জিয়াকে আমি শান্তিতে থাকতে দেব না।’ এরপর তিনি ১৭২ দিন হরতাল করেছিলেন।
দুলু আরও বলেন, ‘যত দিন পর্যন্ত হাসিনা বেঁচে থাকবেন, তত দিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। উনি যত দিন বেঁচে থাকবেন, মাঝে মাঝে আগুন দেবেন এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল হামলা করবেন।’
গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দুলু বলেন, সেখানে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিষদ উড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, সংসদের মাধ্যমে দলের নেতা দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, তারা ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করেছেন।
দুলু বলেন, ‘আমরা বাংলাদেশের মাটি থেকে নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নি সন্ত্রাস, মানুষের বাড়িতে আগুন—এসব চিরস্থায়ীভাবে উৎখাত করতে চাই। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে তারা যে টেনশন সৃষ্টি করেছে, আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এলাকা এলাকা পাহারা দিয়ে এই সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা।’

দৈনিক টার্গেট 



















