শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত সাহাব উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সাহাব উদ্দিন আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মৃত বাচা মিয়ার ছেলে। পেশায় একজন বাগানশ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আমুচিয়া এলাকায় বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। পালে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৪টি হাতি ছিল। হাতির পাল তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাঁদের সঙ্গে সাহাব উদ্দিনও হাতির পালের পিছু নেন। এ সময় একটি হাতি দলছুট হয়ে তাঁর দিকে তেড়ে আসে। প্রাণভয়ে সড়কে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে তাঁকে তুলে দূরে ছুড়ে মারে। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, প্রায় ২০ বছর আগে বন্য হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। ওই ঘটনায় তাঁর মা-বাবা ও নানা মারা যান। তখন সাহাব উদ্দিনের বয়স ছিল মাত্র পাঁচ বছর। সেদিন হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে ছুড়ে মারলেও খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যান। এবারও হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজর্ষী নাগ বলেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 























