অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই একের পর এক হতাশ করছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হার সমতূল্য ড্রয়ের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয় দল। এরপর নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টানা ব্যর্থতায় ভক্তদের রোষানলে পুরো দল। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আরও একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ ব্যাটারদের অফফর্ম। সংস্করণ যেটাই হোক, মুখ থুবড়ে পড়ছে ব্যাটিং লাইন। দেশের মাঠ বা এশিয়াতেই যখন এই অবস্থা, তখন দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যাটারদের এই ব্যর্থতা অব্যাহত থাকলে আরও একটি দুঃসহ সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এত কিছুর পরও সফরকারীদের সমীহ করছেন রাবাদা।
বাংলাদেশের ব্যাটারদের এই অফফর্ম নিজেদের জন্য সুবিধা বয়ে আনবে কি না, এমন প্রশ্নের জবাবে রাবাদা বলেন, ‘ওদের টপ অর্ডারের কী খবর, সেটা নিয়ে আসলে আমরা ভাবছি না। একটি বোরিং উত্তর দিচ্ছি। তারা কী করছে সেসব জানার চেয়ে বরং নিজেরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

দৈনিক টার্গেট 
























