ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। টম ল্যাথামকে অধিনায়ক করে ১৪ সদস্যের এই দল দিয়েছে। চোট থাকা স্বত্ত্বেও তিন কিউই ক্রিকেটার টম ব্লান্ডেল, কনওয়ে ও রবীন্দ্র জায়গা পেয়েছেন টেস্ট সিরিজের দলে। যাঁদের মধ্যে ব্লান্ডেল উরুর পেশিতে চোটে রয়েছেন। কনকাশনজনিত সমস্যায় ভুগছেন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে ভোগাচ্ছে কাঁধের চোট।
ভারত সিরিজ দিয়ে টেস্টে প্রায় ১১ মাস পর ফিরছেন জ্যাকব ডাফি। সবশেষ গত বছরের নভেম্বরে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলেছেন তিনি। অন্যদিকে, চোটের কারণে দলে জায়গা হয়নি বেন সিয়ার্স ও জ্যাক ফুকসের। সিয়ার্স ভুগছেন গোড়ালির চোটে। ফুকসকে ভোগাচ্ছেনিতম্বের চোট। এছাড়া ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে বিশ্রামে রাখা হয়েছে উইলিয়াম ও’রুর্ককে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় ও চতুর্থ অস্ট্রেলিয়া আর ভারত। এতে করে ভারত, নিউজিল্যান্ড দুই দলের জন্যই সিরিজটি ফাইনালে উঠতে খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারও এই সিরিজকে গুরুত্ব সহকারে দেখছেন। ২০২১ সালে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর আবারও ফাইনালে ওঠার লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের। ওয়াল্টার বলেন, ‘এই সিরিজের মধ্য দিয়েই ব্ল্যাক ক্যাপসদের জন্য রোমাঞ্চকর টেস্ট ক্রিকেটের গ্রীষ্মকাল শুরু হচ্ছে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যে দলটি খেলেছিল, বর্তমান স্কোয়াডও অনেকটাই সেই দলের মতো।’
২০২৪ সালে ভারতকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজের দুই বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড।
১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ। এই ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর।
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দল
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং

দৈনিক টার্গেট 


























