মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে ভাসানী জনশক্তি পার্টি। পুরাতন পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ, যেখানে বিপুলসংখ্যক শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন। তার ভাষায়, দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি শ্রমিক শ্রেণি তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়টি দীর্ঘদিন অবহেলিত। এ অবস্থায় একটি বিশেষায়িত শ্রমিক হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মনে করেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম। তিনি বৈষম্যবিরোধী রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল সামাজিক সমতা প্রতিষ্ঠা করা, তবে বাস্তবে এখনও সমাজের একটি বড় অংশ বঞ্চিত অবস্থায় রয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর নীতিমালা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি বৈষম্যহীন ও টেকসই রাষ্ট্র গঠনে এসব কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকতা প্রয়োজন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন। তারা উল্লেখ করেন, বিশ্বব্যাপী শ্রমিক অধিকারের লড়াই শুরু হয়েছিল শ্রমঘণ্টানির্ধারণের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে, যা আজও প্রাসঙ্গিক। বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে জরুরি বলে অভিহিত করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাবুল বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর হারুনুর রশিদ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শ্রমিক অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

দৈনিক টার্গেট 

























