বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনারগাঁওকে ঘিরে নির্মিত সংগীতচিত্র ‘পাতার বাঁশরি’ প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৫ জুলাই ২০২৬ ইউটিউবে প্রকাশিত গানটি মাত্র ১১ দিনের মধ্যেই ১ কোটি ৯১ লাখ ২৮ হাজার ১৫৮ বারের বেশি দেখা হয়েছে।
গানটির গল্পে উঠে এসেছে ইতিহাস, স্মৃতি, ভালোবাসা ও অপেক্ষার এক কাব্যিক উপস্থাপন। শতাব্দীপ্রাচীন সোনারগাঁওয়ের নীরব প্রাসাদে প্রবেশ করা এক তরুণের কণ্ঠে ভেসে ওঠা এক প্রাচীন সুর জাগিয়ে তোলে বহু শতাব্দীর অপেক্ষায় থাকা এক রাজকন্যাকে। ক্ষণিকের জন্য অতীত ও বর্তমান এক হয়ে গেলেও শেষ পর্যন্ত থেকে যায় শুধু সেই সুরের প্রতিধ্বনি। নির্মাতাদের ভাষায়, ‘পাতার বাঁশরি’ এমন এক সুর, যা দুটি হৃদয়কে এক করে না; বরং তাদের অপেক্ষাকে বাঁচিয়ে রাখে।
গানটির কথা লিখেছেন মুকুল মজুমদার ঈশান ও ইলিয়াস (এলিয়ুস) হোসাইন। সুর করেছেন মুকুল মজুমদার ঈশান। সংগীত প্রযোজনা করেছেন অদিত রহমান এবং কণ্ঠ দিয়েছেন ঈশান ও সুনিধি নায়েক। গানটির মিক্স ও মাস্টার করেছেন ইফতে খায়রুল আলম শুভ।
পুরো সিজনের কিউরেশন ও প্রযোজনার দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। ভিডিওটি পরিচালনা করেছেন সামিউর রহমান। ভিডিও নির্মাণ করেছে ইন্ডি রিলস, আর সৃজনশীল সংস্থা হিসেবে কাজ করেছে ডটবার্থ লিমিটেড।
ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও-এ। ইতিহাস, লোকজ স্থাপত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রভাষার সমন্বয়ে নির্মিত এই সংগীতচিত্র দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দিয়েছে।
গানটির ডিজিটাল পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এর গল্প, চিত্রায়ণ, সংগীতায়োজন এবং ঐতিহ্যনির্ভর উপস্থাপনাকে প্রশংসা করেছেন।
অল্প সময়ের মধ্যেই কোটি কোটি ভিউ অর্জনের মাধ্যমে ‘পাতার বাঁশরি’ ২০২৬ সালের আলোচিত বাংলা সংগীতচিত্রগুলোর অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছে।
দৈনিক টার্গেট 


















