আগামীকাল ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। এ উপলক্ষে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে সঞ্জীব চৌধুরী ট্রিবিউট কনসার্ট। শিরোনাম দেওয়া হয়েছে সঞ্জীব চৌধুরীর গানের কথা থেকে ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।
অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনা সব শ্রেণির শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউট কনসার্ট। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন-স্পট)।
বাংলা গানের ভুবনে সঞ্জীব চৌধুরী এক স্বতন্ত্র ও স্মরণীয় নাম। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট ছিলেন তিনি। ব্যতিক্রমী কণ্ঠের পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও তাঁর ছিল স্বতন্ত্রতা। তাঁর গাওয়া জনপ্রিয় গানের তালিকায় আছে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘কথা বলব না’, ‘রিকশা কেন আস্তে চলে না’ ইত্যাদি।
শাহ আবদুল করিমের গানকে শহুরে তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সঞ্জীব চৌধুরী। তাঁর কণ্ঠে ‘কোন মিস্ত্রি নাও বানাইছে’, কিংবা ‘গাড়ি চলে না’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে।

দৈনিক টার্গেট 























