আমেরিকান সাহিত্যিক গার্ট্রুড স্টেইন মানুষের বিচারবুদ্ধির এক অদ্ভুত সীমাবদ্ধতার দিকে আঙুল তুলে বলেছিলেন, আমাদের সমাজব্যবস্থা ও মনস্তত্ত্ব এমন এক ছাঁচে গড়া, যেখানে কেউ মানতেই চায় না যে প্রচারের অন্তরালে থাকা কোনো অখ্যাত মানুষের বুকেও মিল্টনের মতো প্রজ্ঞাবান প্রতিভা লুকিয়ে থাকতে পারে। সমাজ যেন ধরে নিয়েছে, বাহ্যিক স্বীকৃতি বা খ্যাতির মুকুট ছাড়া প্রতিভা অর্থহীন; কেউ লোকচক্ষুর অন্তরালে থেকে গেলেই সে প্রতিভার দাবিদার হতে পারে না।
স্টেইনের এই ধারণাকে যদি আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, তবে তার উৎকৃষ্ট সূচনা হতে পারে মহামন্দার যুগে জর্জরিত আমেরিকার দক্ষিণাঞ্চল আর সেই মাটির সুর, যাকে আমরা সার্থকভাবেই ‘ব্লুজ’ নামে চিনেছি। সেকালে দক্ষিণের প্রতিটি শহরের অলিগলি যেন কৃষ্ণাঙ্গ ব্লুজ গায়কদের বিচরণে মুখর থাকত। রাস্তার মোড়, গির্জার চত্বর কিংবা ধোঁয়া ওঠা জীর্ণ পানশালা—সব জায়গাতেই প্রতিধ্বনিত হতো তাঁদের বুকচেরা আত্মিক কণ্ঠ। পেটের টানে গাওয়া এসব গানের বিনিময়ে পথচারীদের ছুড়ে দেওয়া সামান্য খুচরা মুদ্রার ওপরেই নির্ভর করত আজ রাতে তাঁদের মাথার ওপর ছাদ জুটবে, নাকি খোলা আকাশের নিচে কাটবে রাত।
ব্লাইন্ড উইলি জনসনের এই গল্পটি অবলীলায় আমাকে ফিরিয়ে নিয়ে যায় সুদূর শৈশবের বাংলাদেশে, আমার নিজের কিছু জীবন্ত অভিজ্ঞতার গভীরে। তখন ঝুনঝুনিওয়ালা, শনপাপড়িওয়ালা কিংবা হরেক রকমের আইসক্রিমওয়ালা পণ্য বিক্রির আকর্ষণে ম্যাজিক বাক্সে চোখ রেখে ছবি দেখাত, আবার কেউ কেউ নিজের বানানো কথা ও সুরে গেয়ে উঠত আনমনা গান। তাদের ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে থাকত কৌতূহলী পথচারীরা। কেউ হয়তো সামান্য কিছু পয়সা দিত, আর তাতেই কোনোমতে বেঁচে থাকার একটুখানি ঠিকানা মিলত তাদের। অথচ লোকায়ত জীবনের সেই অকৃত্রিম সুর, নতুন কথা আর স্বতঃস্ফূর্ত সাংগীতিক উপস্থাপনার সোনালি দিনগুলো আজ আমরা প্রায় হারিয়ে ফেলেছি। সেগুলো সংরক্ষণের ব্যাপারে কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমরা যেন ভুলতে বসেছি সেই শিকড়, হারিয়ে ফেলেছি আমাদের চলার আসল পথ। বাংলাদেশের ইতিহাসে পপ গানগুলোর কিছু কিছু অসাধারণ মৌলিকতা নিয়ে হাজির হয়েছে, যেগুলোর মূল্য আমরা সেভাবে দিতে পারিনি।
এমন নিষ্ঠুর ও নির্মম বাস্তবতার কশাঘাত সয়ে যাঁরা টিকে থাকতে পেরেছিলেন, তাঁরা ছিলেন মূলত স্বয়ং প্রতিভার একেকটি জীবন্ত প্রতিমূর্তি। সে কারণেই সে যুগে হাতে গোনা যে কজন শিল্পীর গান রেকর্ডের দুর্লভ সৌভাগ্য হয়েছিল, তাঁরা প্রত্যেকেই ছিলেন অবিশ্বাস্য রকমের প্রতিভাবান। তাঁদের রেখে যাওয়া সেই মর্মান্তিক সুন্দরের কাব্য এবং সুরের অনন্য উত্তরাধিকার থেকে আজও পশ্চিমা জনপ্রিয় সংগীতের স্রষ্টারা তাঁদের সৃষ্টির অমূল্য অনুপ্রেরণা খুঁজে নেন।
ইতিহাসের এই পটভূমিতেই শতাব্দীর সূচনালগ্নে ১৮৯৭ বা ১৮৯৮ সালের দিকে টেক্সাসের মার্লিনে জন্ম নেন ব্লাইন্ড উইলি জনসন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে মাত্র সাত বছর বয়সেই সৎমায়ের এক মুহূর্তের হঠকারী ক্রোধে তাঁর জীবনে নেমে আসে চিরকালের অন্ধকার; মুখের ওপর ছুড়ে মারা হয়েছিল এক কড়াই ফুটন্ত ক্ষার। এরপর বিশের কোঠায় পা রেখে তিনি নিজের জাদুকরি কণ্ঠ আর গিটার বাজানোর অদম্য শক্তির ওপর ভর করেই ডালাসের রাস্তায় রাস্তায় ঘুরে বেঁচে থাকার সংগ্রাম শুরু করেন। বহু দক্ষ অন্ধ ব্লুজ গায়কের মতোই তাঁর গানের সুরের মোহেই একসময় এক নিবেদিতপ্রাণ নারী আকৃষ্ট হন এবং তাঁর জীবনসঙ্গিনী হয়ে ওঠেন। তাঁর নাম ছিল অ্যাঞ্জেলিন। ১৯২৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৪৯ সালের শীতকালে জনসনের অন্তিম নিশ্বাস পর্যন্ত সেই জুটি অটুট ছিল।
গিটার বাজানোর শিল্পে ব্লাইন্ড উইলি জনসন ছিলেন এক দক্ষ বাদক, বিশেষ করে ‘স্লাইড গিটার’ কৌশলের জাদুকর। এটি এমন এক অপূর্ব কৌশল, যেখানে গিটারকে একটি উন্মুক্ত কর্ডে টিউন করে তারের ওপর কোনো শক্ত বস্তু, যেমন কাচের বোতলের ঘাড় বা পকেটছুরি ঘষে সুর তোলা হতো; জনসন এই কাজের জন্য একটি পকেটছুরি ব্যবহার করতেন। স্লাইড বাজানোর এই বিশেষ কৌশল গিটারকে ভায়োলিনের মতো এক অভাবনীয় সুরের নমনীয়তা ও গায়কি ঢং দিয়েছিল। একই সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছিল এক ধাতব তীক্ষ্ণতা, যা চারপাশের নগরজীবনের হাজারো কোলাহল ভেদ করে সাধারণ মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছাত।
জনসনের অমর সৃষ্টি ‘ডার্ক ওয়াজ দ্য নাইট, কোল্ড ওয়াজ দ্য গ্রাউন্ড’ (অন্ধকার ছিল সেই রাত, ঠান্ডা ছিল সেই ঘর) গানটি মূলত একটি পুরোনো স্কটিশ দীর্ঘ ছন্দের স্তোত্রগানের অনুপ্রেরণায় নির্মিত। ১৯২৭ সালের ৩ ডিসেম্বর ডালাসে রেকর্ড করা এই ঐতিহাসিক সংস্করণে জনসন সুরটিকে একটু ভেঙে নতুন রূপ দেন এবং গানের প্রথাগত কথাগুলো মুছে সেখানে যোগ করেন কেবল শব্দহীন এক হাহাকার ও দীর্ঘশ্বাস। রেকর্ড করা সংগীতের দীর্ঘ ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে গভীরভাবে নাড়া দেওয়া সৃষ্টিগুলোর একটি। এখানে কোনো মানবীয় ভাষা বা শব্দের প্রয়োজন পড়েনি; সুরের এক বুকফাটা আর্তনাদই যেন মানবজীবনের অন্তহীন একাকীত্ব ও নিঃসঙ্গতার চিরন্তন গল্প বলে গেছে। ১৯৭৭ সালে নাসা ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযানের সঙ্গে সংযুক্ত ভয়েজার গোল্ডেন রেকর্ডে এই গানটি অন্তর্ভুক্ত করে। বর্তমানে মহাকাশযান দুটি সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে ভ্রমণ করছে। তাদের সঙ্গে থাকা সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্কটিতে ব্লাইন্ড উইলি জনসনের এই গানটি অনন্তকাল ধরে সংরক্ষিত থাকবে।
জীবনের অন্তিম সময়ে এসে টেক্সাসের বিউমন্টে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন জনসন। এর কিছুদিন আগেই এক অগ্নিকাণ্ডে তাঁদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু ছাই হয়ে গিয়েছিল। শীতের রাতে বাধ্য হয়ে তাঁরা দুজনে আশ্রয় নেন এক জলসিক্ত ভেজা বিছানায়। অ্যাঞ্জেলিনের জবানিতে সেই মর্মান্তিক স্মৃতি আজও যেন এক বুকফাটা দীর্ঘশ্বাসের মতো বেজে ওঠে:
‘নর্থ এন্ডে আমাদের ঘরটা… আমাদের ঘরটা আগুনে পুড়ে গিয়েছিল… আর যখন সবকিছু পুড়ে গেল, তখন আমরা ওখানে খুব বেশি মানুষকে চিনতাম না। তাই আমি কোনোমতে ওকেই টেনে আবার সেই পোড়া ঘরের ভেতরে নিয়ে গেলাম, আর আমরা ভেজা বিছানার চাদরের ওপর শুয়ে পড়লাম, নিচে প্রচুর খবরের কাগজ বিছিয়ে। আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, বুঝতেই পারছেন, ও তো বারবার পাশ ফিরছিল। আর আমি কাগজের ওপর চুপচাপ শুয়ে ছিলাম… আর তখন ও গান গাইছিল, আর ওর গায়ের রগ বা শিরাগুলো যেন ফুলে উঠছিল, সবকিছু কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল। আর এটাই ওকে পুরোপুরি অসুস্থ করে দিল… [হাসপাতাল] ওকে ভর্তি নিতে চায়নি। ওরা যদি ওকে ভর্তি নিত, ও আজ বেঁচে থাকত। কারণ ও তো অন্ধ ছিল। অন্ধ মানুষদের খুব কষ্ট… ওদের হাসপাতালে সহজে নিতে চায় না…’
ব্লাইন্ড উইলি জনসনের এই অমর গানটি মূলত এমন এক নিষ্ঠুর বাস্তবতার প্রতীক, যা তিনি তাঁর জীবদ্দশায় বহুবার মোকাবিলা করেছেন—চারপাশে নেমে এসেছে ঘুটঘুটে অন্ধকার, অথচ মাথা গোঁজার মতো নিরাপদ এক টুকরা ঠাঁই নেই। মানবসভ্যতার সূচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এমন একটি রাতও কি কখনো কেটেছে, যে রাতে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো অসহায় পুরুষ বা নারী ঠিক এই একই নির্মম দুর্দশার শিকার হননি? ব্লাইন্ড উইলি জনসন যেন তাঁর সেই হাহাকারভরা সুরের জাদুতে এই পৃথিবীর কোটি কোটি বঞ্চিত মানুষের চিরন্তন বেদনা আর নিঃসঙ্গতারই এক অবিনশ্বর দলিল রেখে গেছেন।
আসিফ, বিজ্ঞান বক্তা ও সম্পাদক, মহাবৃত্ত

দৈনিক টার্গেট 
























