রামোলা বচ্চনের অভিযোগ, তাঁর অজান্তে এবং কোনো প্রকার সম্মতি ছাড়াই বাড়িটির মালিকানা হস্তান্তর করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে রামোলার দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজে বিচারাধীন এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এই বিরোধের মূলে রয়েছে মালিকানা সংক্রান্ত সরকারি ও সোসাইটির নথিপত্রের অসঙ্গতি। জানা গেছে, ‘কাপোল হাউজিং সোসাইটি’র নথিতে জয়া বচ্চনকে ‘জলসা’র মালিক হিসেবে দেখানো হলেও, মহারাষ্ট্র সরকারের ‘প্রপার্টি কার্ডে’ এখনো রামোলা বচ্চনের নামই রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়া বচ্চনের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে এই বিরোধ সামনে আসে।
মুম্বাইয়ের অন্যতম পরিচিত এই তারকা-আবাসনটি সবসময় ‘জলসা’ নামে পরিচিত ছিল না। শুরুতে এর নাম ছিল ‘মনসা’।
প্রযোজক রোমু সিপ্পির ১৯৮০-র দশকে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্তে পে সত্তা’ চলচ্চিত্রে অভিনয়ের পারিশ্রমিকের পরিবর্তে প্রযোজক এনসি সিপ্পি জুহুর এই প্রায় ১০ হাজার বর্গফুটের বাংলোটি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘জলসা’র বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি রুপি। বাড়িটিতে বিশাল কাচের জানালা, কারুকার্যময় ঝাড়বাতি, ধ্রুপদী শিল্পকর্ম এবং দামি গালিচার পাশাপাশি ব্যক্তিগত স্টাডি রুম, ব্যায়ামাগার (জিম), রেকর্ডিং স্টুডিও এবং একটি সুসজ্জিত বাগান রয়েছে।
প্রতি রোববার এই বাড়ির ফটকের বাইরে জড়ো হওয়া ভক্তদের শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন। কয়েক মাস আগে নিজের ব্লগে বাড়িটি নিয়ে আবেগঘন এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘জলসা’ হলো আমার বাড়ির জন্য কোটি মানুষের আশীর্বাদ, এটি তিন দশকেরও বেশি সময় ধরে আমাকে ছাদ দিয়েছে। এই বাড়িতেই আমার সন্তানদের জন্ম ও বিয়ের আশীর্বাদ হয়েছে, এখানেই তারা বড় হয়েছে এবং এখন তাদের সন্তানরাও বড় হচ্ছে।
তবে চলমান এই মালিকানা বিরোধের বিষয়ে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন কিংবা অজিতাভ ও রামোলা বচ্চনের পক্ষ থেকে প্রকাশ্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 



























