স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁরা কার্যালয়ে বিভিন্ন স্লোগান দেন।
এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে তিনটি ফটক খুলে নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।
শপথে তাঁরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।
শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলেছি, যাতে নেতা-কর্মীরা কার্যালয়ে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ।
পল্লব আরও বলেন, ‘এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।’

দৈনিক টার্গেট 























