জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা, পূর্ণবাসন জটিলতা নিরসন, মিথ্যা মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে আজ রাজধানীতে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ নিয়ে ষড়যন্ত্র, আহত ও শহীদ পরিবারগুলোর প্রতি অবিচার এবং জামিন সংক্রান্ত সমস্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ আল-মিরাজ। কর্মসূচি শুরুর আগে উপস্থিত বক্তারা জুলাই যোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের দাবি জানান। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মতোই জুলাই যোদ্ধাদের অবদানও জাতীয় ইতিহাসে অমলিন। অথচ আজও তাদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। অনেক আহত যোদ্ধা চিকিৎসার অভাবে মানবেতর জীবন-যাপন করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শহীদ ও আহত যোদ্ধাদের মামলায় আসামিদের সহজে জামিন মঞ্জুর হওয়ায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে বলেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে দাবি জানানো হয়—অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আহত যোদ্ধাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
এছাড়া আলোচনায় দেশের ভেতরে-বাইরে বিভিন্ন ষড়যন্ত্রের বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
দৈনিক টার্গেট 



















