• তরুণদের সমস্যা উচ্চ রক্তচাপ, মেদ ও শারীরিক নিষ্ক্রিয়তা
• দেশের আট বিভাগের শহর, গ্রাম ও স্কুল থেকে তথ্য সংগ্রহ
• জরিপের শিশুদের সিংহভাগই ফাস্ট ফুড ও মোবাইলে আসক্ত
দৈনিক টার্গেট • তরুণদের সমস্যা উচ্চ রক্তচাপ, মেদ ও শারীরিক নিষ্ক্রিয়তা
• দেশের আট বিভাগের শহর, গ্রাম ও স্কুল থেকে তথ্য সংগ্রহ
• জরিপের শিশুদের সিংহভাগই ফাস্ট ফুড ও মোবাইলে আসক্ত
মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, এমনকি শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত।
শিশুদের ক্ষেত্রে স্থূলতা ও পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকার সঙ্গে রোগটির সম্পর্ক পাওয়া গেছে। অন্যদিকে, তরুণদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেটের অতিরিক্ত মেদ, শরীরচর্চা ও পরিশ্রমের অভাব এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের যোগসূত্র পাওয়া গেছে। সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
একই বয়সী প্রতি পাঁচজনের প্রায় একজন প্রিডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তবে তা এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের প্রধান তিনটি ধরন—টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে দেয়। আর টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে এ ধরনের ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। আর প্রিডায়াবেটিস ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।
গবেষণা দুটির একটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির (এএসিই) বৈজ্ঞানিক সাময়িকী ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’ এবং একই দেশের সেজ পাবলিকেশনসের (এসএজিই) সাময়িকী ‘সেজ ওপেন পেডিয়াট্রিকস’-এ।
‘আর্লি-অনসেট টাইপ-২ ডায়াবেটিস ইন বাংলাদেশ: ন্যাশনাল এস্টিমেটস অ্যান্ড রিস্ক কোরিলেটস’ শীর্ষক গবেষণাটি ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’ সাময়িকীর গত মার্চ-এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়। এ গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের আট বিভাগের শহর ও গ্রামীণ এলাকায় তথ্য সংগ্রহ করা হয়।
প্রথম গবেষণাটিতে ১০ থেকে ৩৪ বছর বয়সী ২ হাজার ৩০০ জন অংশ নেন। তাঁদের মধ্যে ১০৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়। অর্থাৎ অংশগ্রহণকারীদের প্রতি ১০০ জনে সাড়ে চারজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ ছাড়া ৪২৩ জনের প্রিডায়াবেটিস পাওয়া যায়, যা মোট অংশগ্রহণকারীর ১৮ দশমিক ৪ শতাংশ।
গবেষণাটির উদ্বেগজনক তথ্য হলো, ডায়াবেটিস শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৬৯ জনই (৬৬ শতাংশ) এর আগে নিজেদের রোগ সম্পর্কে জানতেন না।
বয়সভেদে ডায়াবেটিসের বিভিন্ন রকম হার দেখা গেছে। ১৯ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে এ রোগের হার ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ১ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে ডায়াবেটিসের হার ৬ শতাংশ, গ্রামাঞ্চলে ৩ দশমিক ২ শতাংশ।
গবেষণায় ডায়াবেটিসের সঙ্গে কয়েকটি শারীরিক ও জীবনযাপন-সম্পর্কিত বৈশিষ্ট্যের সম্পর্ক পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা গেছে, উচ্চ রক্তচাপ না থাকা ব্যক্তিদের তুলনায় উচ্চ রক্তচাপ থাকা ব্যক্তিদের ডায়াবেটিস শনাক্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ৩ গুণ বেশি। একইভাবে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকলে ঝুঁকি ২ দশমিক ৯ গুণ, ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করলে ২ দশমিক ৬ গুণ এবং শারীরিকভাবে কম বা মাঝারি সক্রিয় থাকলে বেশি সক্রিয় ব্যক্তিদের তুলনায় ২ গুণ বেশি ঝুঁকি পাওয়া গেছে।
প্রধান গবেষক ও সহযোগী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি), স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ডা. মাশফিকুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেকের উপসর্গ থাকে না। ফলে তাঁরা রোগ সম্পর্কে জানতেও পারেন না। বিশেষ করে অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে ঝুঁকি বাড়ে। এসব ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু দেশে কিশোর ও তরুণদের ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক পরীক্ষা তেমন হয় না। তাই অনেকের ডায়াবেটিস শনাক্ত হচ্ছে না।’
এই গবেষক জানান, তাঁদের বিশ্লেষণে জীবনযাপন ও পরিবেশগত বিষয়গুলোর সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক বেশি পাওয়া গেছে। তরুণ বয়সীদের মধ্যে ধূমপান ছাড়াও জর্দার মতো ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের সঙ্গেও সম্পর্ক পাওয়া গেছে। জিনগত বিষয় নিয়েও গবেষণা চলছে। কম বয়সে ডায়াবেটিস হলে দীর্ঘ সময় ধরে রোগটি শরীরে থাকতে পারে এবং পরবর্তী সময়ে জটিলতা দেখা দিতে পারে। তবে আগের নির্ভরযোগ্য তথ্য না থাকায় দেশে কিশোর ও তরুণদের মধ্যে ডায়াবেটিস কতটা বেড়েছে, তা নিশ্চিত করে বলা কঠিন।
দ্বিতীয় গবেষণাটি হচ্ছে স্কুলশিশুদের ওপর পরিচালিত আরেকটি জাতীয় গবেষণা। এতেও ডায়াবেটিস ও প্রিডায়াবেটিসের উপস্থিতি পাওয়া গেছে। ‘প্রিভ্যালেন্স অ্যান্ড ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস অ্যান্ড প্রিডায়াবেটিস ইন স্কুল গোয়িং চিলড্রেন: আ নেশনওয়াইড স্টাডি ফ্রম বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সেজ পাবলিকেশনসের (এসএজিই) সাময়িকী ‘সেজ ওপেন পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত হয়।
গবেষণায় দেশের আট বিভাগের ৫ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৪২ স্কুলশিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। তাঁদের মধ্যে তিনজনের ডায়াবেটিস শনাক্ত হয়। এ ছাড়া ১৯ জনের প্রিডায়াবেটিস পাওয়া যায়, যা জরিপের মোট শিশুর শূন্য দশমিক ৫৬৯ শতাংশ। ডায়াবেটিস শনাক্ত হওয়া তিন শিশুরই টাইপ-২ ডায়াবেটিস ছিল।
গবেষণায় স্থূলতা, পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকা ও লিঙ্গের সঙ্গে ডায়াবেটিস এবং প্রিডায়াবেটিসের সম্পর্ক পাওয়া গেছে। দুই অবস্থাকে একসঙ্গে বিবেচনায় নিয়ে করা বিশ্লেষণে দেখা গেছে, স্বাভাবিক ওজনের শিশুদের তুলনায় স্থূল শিশু এবং পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস থাকা শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং প্রিডায়াবেটিসের ঝুঁকি বেশি। একইভাবে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে ঝুঁকি বেশি পাওয়া গেছে।
গবেষণায় অংশ নেওয়া শিশুদের ১১ দশমিক ৮ শতাংশ স্থূল (বেশি মোটা) এবং ৬ দশমিক ৭৪ শতাংশ বেশি ওজনের ছিল। ৭৩ দশমিক ৫৮ শতাংশ শিশু প্রতিদিন বাইরের ফাস্ট ফুডজাতীয় খাবার খাওয়ার কথা জানিয়েছে। আর ৮০ দশমিক ৮৮ শতাংশ শিশুরই দৈনিক স্ক্রিন টাইম (মোবাইল/টিভি দেখা) ছিল দুই ঘণ্টার বেশি।
শিশুদের নিয়ে এ গবেষণার প্রধান গবেষক বারডেম জেনারেল হাসপাতালের (মহিলা ও শিশু) নবজাতক ও শিশু বিভাগের অধ্যাপক ডা. ফৌজিয়া মহসিন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে পারিবারিক ইতিহাসের পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের কারও ডায়াবেটিস থাকলে শিশুরও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। পারিবারিক ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয়। তবে শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার মতো পরিবর্তনযোগ্য বিষয় নিয়ন্ত্রণের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও ওজন নিয়ন্ত্রণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাঁদের ৩৯ শতাংশ (৫৪ লাখ) রোগটি সম্পর্কে জানতেন না। এ বয়সী জনগোষ্ঠীতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল ১২ দশমিক ৩ শতাংশ। একই বছরে এ রোগে দেশে প্রায় ৩১ হাজার ৬২০ জনের মৃত্যু হয়। ২০৫০ সালে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়াবে বলে সংস্থাটি আশঙ্কা করছে।
দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি, চোখের রেটিনা ও স্নায়ু। গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো ও পায়ের সংক্রমণ থেকে অঙ্গচ্ছেদও হতে পারে।
এদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ (সিজিএইচআর) ২০২৪ সালের নভেম্বর থেকে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই করছে। প্রায় ২০ থেকে ৭৯ বছর বয়সী ২৫ হাজার মানুষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশ উচ্চ, ৪২ শতাংশ মাঝারি ও ৬ শতাংশ কম ঝুঁকিতে রয়েছেন।
সিজিএইচআরের পরিচালক অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থাকলেও অনেকে সুস্থ বোধ করেন। তাই উপসর্গ দেখা দেওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো জরুরি। ঝুঁকি যাচাইয়ের সময়ই প্রতিরোধের পরামর্শ দেওয়া যায় এবং কাদের আরও মূল্যায়ন প্রয়োজন, তা চিহ্নিত করা যায়।’
সিজিএইচআর বলছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জাতীয় প্রটোকলে অ্যাপভিত্তিক ঝুঁকি যাচাই যুক্ত হয়েছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারে অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই করা হবে।
দেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে জানেন না। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের সুযোগও সীমিত। বিশেষজ্ঞদের মতে, জটিলতা প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো জরুরি।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ দিতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং ও জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রয়োজন। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, স্ক্রিনিং, নিয়মিত ফলোআপ এবং রোগীর তথ্যভান্ডার গড়ে তুলতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে তিনজন, ঢাকায় একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত…

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঠিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯২৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে একজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৪ হাজার ৭৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন।