খুলনার কয়রা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রোটিন বিস্কুট বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষকদের দাবি, বাইরের কার্টুনে মেয়াদ ঠিক দেখানো হলেও ভেতরের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্কুট বিতরণ শুরু হয়। গত ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীদের হাতে এসব বিস্কুট তুলে দেওয়া হচ্ছিল। পরে কয়েকটি বিদ্যালয়ে ভেতরের প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, সেখানে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত মেয়াদ লেখা রয়েছে। অথচ বাইরের বড় কার্টুনের গায়ে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ উল্লেখ করা হয়েছে। দুই তারিখের এই অমিল নিয়েই প্রশ্ন উঠেছে।
গত ১১ নভেম্বর উপজেলার দেউয়াড়া, খেজুরডাঙ্গা ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে একই ধরনের বিস্কুটের মজুত দেখা যায়। শিক্ষকরা জানান, তারা কার্টুনের গায়ে লেখা মেয়াদ দেখেই বিস্কুট বিতরণ করেছেন। ভেতরের প্যাকেটের মেয়াদ সম্পর্কে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক অভিভাবক সন্তানকে বিস্কুট খেতে নিষেধ করেছেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা জানিয়েছেন, প্যাকেটে তারিখের ভুলের বিষয়টি তারা স্বীকার করছেন। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি কার্টুন ফিরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলায় ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে সাত লাখের বেশি প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। এই মাসে বিতরণ করা বিস্কুটের সংখ্যা প্রায় ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, মেয়াদোত্তীর্ণ খাদ্য শিশুদের খাওয়ানো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এতে পেটের পীড়া, বমি, ডায়রিয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জানার পর শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 

























