অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সিডরের ভয়াবহ রাতের স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, সিডরের ভয়াবহ স্মৃতি বরগুনাবাসীর মনে আজও অমলিন। উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার এবং আশ্রয়কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে প্রশাসন সব সময় তৎপর রয়েছে।
অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক টার্গেট 
























