আজ রোববার সকালে খাগড়াছড়ি শহরের সাবাই সড়কের মারমা কল্যাণ সংসদ কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের যে আশা-সম্ভাবনা ছিল, তা এখন দেখা যাচ্ছে না। চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকার চুক্তি বাস্তবায়নে বাধ্য হতো। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করতে হবে।
প্রসীত খীসারা (ইউপিডিএফ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি) জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করে এবং নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘ সময় ধরে পাহাড়ে সংঘাতের আগুন জ্বালিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন বক্তারা। তাঁরা প্রসীত খীসাদের সবচেয়ে সুবিধাবাদী প্রতারক বলে মন্তব্য করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) এম এন লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমাসহ অন্যরা।

দৈনিক টার্গেট 

























