আজ রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ফরিদুল আলম কমলনগর থানায় যোগদানের পর এলাকায় ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে।
রেদোয়ান হোসেনের দাবি, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের কথা না শুনে নিজের বক্তব্য চাপিয়ে দেন বলেও তিনি অভিযোগ করেন।
পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ শোনেন না; বরং নিজের বক্তব্য শোনান। অপরাধীদের বিষয়ে কথা বলার সময়ও তিনি তাঁদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ নেওয়ার অভিযোগও তোলা হয়।
মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’
নূর উদ্দিন নামের আরও এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তাঁর কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন।
হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তাঁর বোনের ঘটনায় মামলা নেওয়া হয়নি।
স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নিজে মামলা করতে গেলে থানা তাঁর অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।
উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, ‘আমি সাবেক ছাত্রনেতা হিসেবে ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা স্বাধীন দেশ। যে কেউ তাঁর মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনগত কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।’

দৈনিক টার্গেট 
























