আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ঝাড়ু মিছিল করেন কোতোয়ালি থানা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কোতোয়ালি থানা ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু হাতে মিছিল করেন। তাঁরা ঝাড়ু উঁচিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর আগে সাঈদ খোকনকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সেটি লক্ষ্য করে কয়েকজনকে ডিম ছুড়তে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেন কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের এ অবস্থান।’
আদালতে কথা বলার অনুমতি মেলেনি খোকনের
হত্যা মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক। রাষ্ট্রপক্ষে আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তাঁর সঙ্গে আরো কয়েকজন আইনজীবী ছিলেন। শুনানির একপর্যায়ে সাঈদ খোকন আদালতে কিছু বলার জন্য অনুমতি চান। কিন্তু আদালত অনুমতি দেননি। এরপরই সাত দিন রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।
সাঈদ খোকনের রিমান্ড আবেদনের শুনানি শেষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সাইফুল ইসলাম সোহাগসহ অন্য আইনজীবীরা আদালত ভবনের নিচে নামার সঙ্গে সঙ্গেই উপস্থিত বিক্ষিপ্ত জনগণ তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেছে।

দৈনিক টার্গেট 






















