এজেন্ট ব্যাংকিংয়ের ঋণের বড় অংশ যাচ্ছে গ্রামের গ্রাহকদের কাছে। সেপ্টেম্বর শেষে মোট ঋণের ৬৪ দশমিক শূন্য ৯ শতাংশ, অর্থাৎ ২৮ হাজার ২৭০ কোটি টাকা পেয়েছেন গ্রামের গ্রাহকেরা। শহরের গ্রাহকদের ঋণের পরিমাণ ১৫ হাজার ৮৪০ কোটি টাকা। আগের তিন মাসে গ্রামের ঋণ-আমানত অনুপাত ছিল ৬২ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।
অন্যদিকে, এই মাধ্যমে জমা হওয়া আমানতের ৮১ দশমিক ২৬ শতাংশই গ্রামের মানুষের। সেপ্টেম্বর শেষে গ্রামের আমানত ছিল ৪৩ হাজার ১৫৯ কোটি টাকা। শহরে জমা ছিল ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। অর্থাৎ গ্রামের আমানত শহরের তুলনায় সাড়ে চার গুণের বেশি।
তবে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অংশগ্রহণ সমান নয়। এজেন্ট ব্যাংকিং চালু রয়েছে ৩০টি ব্যাংকের। এর মধ্যে ঋণ দিচ্ছে ২৩টি। মোট ঋণের ৯৬ দশমিক ১৫ শতাংশই দিয়েছে পাঁচটি ব্যাংক। এককভাবে ব্র্যাক ব্যাংকের অংশ ৭৪ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকটি বিতরণ করেছে ৩২ হাজার ৮৫৯ কোটি টাকা।
ঋণ পাওয়ার ক্ষেত্রেও নারী-পুরুষের ব্যবধান বড়। মোট ঋণের ৮৪ দশমিক ৩৬ শতাংশ পেয়েছেন পুরুষেরা। নারীদের অংশ মাত্র ১২ দশমিক ৭২ শতাংশ। তাঁদের ঋণের পরিমাণ ৫ হাজার ৬১২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচি রয়েছে। গ্রামীণ নারী উদ্যোক্তারা যাতে এই সুবিধা পান, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, তাঁরা আরও ঋণ পাবেন।
সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট ছিল ২০ হাজার ৬৮১টি। এগুলো পরিচালনা করছেন ১৫ হাজার ৫০৭ জন এজেন্ট। এই মাধ্যমে হিসাব রয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার। এর ৮৫ শতাংশ গ্রামের মানুষের। নারীদের হিসাব প্রায় অর্ধেক।
প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বাড়ছে। এই মাধ্যমে বিতরণ হয়েছে ২ লাখ ২০ হাজার ১৪৯ কোটি টাকা। এর ৯০ দশমিক ৪৭ শতাংশ পেয়েছেন গ্রামের প্রবাসীদের স্বজনেরা।
ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আনুষ্ঠানিক ব্যবস্থায় আনতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। কম খরচে সেবা দেওয়ার সুযোগ থাকায় ব্যাংকগুলোর আগ্রহ বাড়ছে। হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এখন ঋণ বিতরণ, পরিশোধ এবং প্রবাসী আয় পৌঁছে দেওয়ার কাজও হচ্ছে এই মাধ্যমে। ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে এই ব্যবস্থাকে আরও কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।

দৈনিক টার্গেট 


























