আজ রোববার উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফরম জমা দিতে না পেরে অভিযোগ করেন সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামের সাহানা নামে এক নারী।
সাহানার অভিযোগ, তাঁদের এলাকার হাফিজা আক্তার নামে এক নারী এলাকায় ঘুরে ঘুরে প্রতিবন্ধী কার্ড করে দেন। প্রতিবন্ধী ছেলের কার্ড করার জন্য তিনি হাফিজা আক্তারকে অনলাইন আবেদনের জন্য প্রথমে ৫০০ টাকা দেন বলে জানান।
প্রায় দুই সপ্তাহ পর হাফিজা একটি ফরম এনে সেটি কার্যালয়ে জমা দেওয়ার জন্য আরও ২ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ সাহানার। কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা দিতে হবে বলেও তাঁকে জানানো হয়।
সাহানা বলেন, তাঁর স্বামী করাতকলে সামান্য বেতনে কাজ করেন। অতিরিক্ত টাকা দিতে না পারায় তিনি নিজেই উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে ইউনিয়ন সমাজকর্মী রেহানাকে বিষয়টি জানান।
সাহানার দাবি, একই এলাকার আরও কয়েকজনের কাছ থেকেও ফরম জমা দেওয়ার জন্য ৫০০ টাকা এবং পরে ২ হাজার টাকা করে নিয়েছেন হাফিজা আক্তার।
অভিযোগকারীর ভাষ্য, ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগমের স্বামীর সঙ্গে দালাল হাফিজা আক্তারের সখ্য রয়েছে। টাকা দেওয়া ব্যক্তিদের প্রতিবন্ধী কার্ড পেতে তেমন বেগ পেতে হয় না বলেও অভিযোগ করেন তিনি।
রোববার সরেজমিনে কার্যালয়ে গিয়ে হাফিজা আক্তারকে পাওয়া যায়নি। তবে আকলিমা নামে আরেক নারীকে কয়েকটি প্রতিবন্ধী কার্ডের ফরমের কাগজসহ দেখা যায়।
ক্যামেরার সামনে এ বিষয়ে জানতে চাইলে আকলিমা দ্রুত সরে যান। পরে ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কার্যালয়ে বসে থাকা তাঁর স্বামী প্রথমে স্ত্রী অসুস্থ উল্লেখ করে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে রেহানা বেগম তাঁর স্বামীকে কার্যালয় থেকে চলে যেতে বললে তিনি বেরিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম বলেন, ‘আমি কোনো দালালকে চিনি না। অফিসে এসে ফরম জমা দিলেই স্যারের নির্দেশ অনুযায়ী কাজ করি। দালালদের সঙ্গে আমার স্বামীর কোনো সখ্য নেই।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সালাউদ্দীন বলেন, ‘আমি নতুন এসেছি। অফিসের কাজে একটু বাইরে আছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। প্রতিবন্ধী ফরম পূরণসহ কার্ড পেতে অফিসে কোনো টাকা লাগে না।’
প্রতিবন্ধী কার্ডের মতো সরকারি সেবা পেতে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ এবং কার্যালয়ে কথিত দালালদের ফরম নিয়ে অবস্থানের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দালালচক্রের সঙ্গে কার্যালয়ের কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে পরিষ্কার করা হোক।
কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
