মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দাবি করেছেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্রাকের চাকা বিস্ফোরিত হওয়ার শব্দকে ককটেল বিস্ফোরণ বলে মনে করা হয়েছে।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘Mohammad Tamim’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!’
ভাইরাল হওয়া ভিডিওতে ককটেল বিস্ফোরণের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী দ্বীন ইসলাম মোবাইল ফোনে জানান, তাঁর সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দ হলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন। তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে এ ঘটনা দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। ট্রাকের চাকা ব্লাস্ট হয়েছে।

দৈনিক টার্গেট 

























