হেগে আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া এই রায় পড়ে শোনাচ্ছেন। এখন পর্যন্ত তিনি যতটুকু রায় পড়েছেন, তাতে জানা গেছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে আদালত নিশ্চিত হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে তাণ্ডব চালিয়েছে, তা স্পষ্টতই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশে ‘গণহত্যার অভিপ্রায়’ প্রকাশ করে।
আইসিজে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘সংগৃহীত এবং পেশ করা সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একটি বিশাল অংশকে ধ্বংস করার সুস্পষ্ট অভিপ্রায় বা উদ্দেশ্যই ছিল মিয়ানমারের এ জাতীয় পদক্ষেপ ও কর্মকাণ্ডের একমাত্র কারণ।’
বিচারক আরও বলেন, আদালতের সংগৃহীত তথ্য-প্রমাণে দেখা গেছে ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় অন্তত ১০,০০০ রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
হেগের পিস প্যালেসে মামলার রায় পড়ে শোনানোর সময় বিচারক ইওয়াসাওয়া মিয়ানমার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন। তিনি জানান, মিয়ানমার সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে, যার মধ্যে ছিল নির্বিচারে গণহত্যা, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড প্রদান, এবং তাদের বসতি ধ্বংস করা। অভিযানে নারী ও বালিকাদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়েছে এবং শিশুদের বিরুদ্ধে চরম ও অমানবিক সহিংসতা পরিচালনা করা হয়েছে। জীবন বাঁচাতে যখন লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিল, তখনো তাদের ওপর মিয়ানমার বাহিনী নির্বিচারে হামলা চালায়।
এদিকে আইসিজের বিচারক যখন মিয়ানমার সরকারকে গণহত্যার অপরাধে অভিযুক্ত করছিলেন এবং মিয়ানমার বাহিনীর তাণ্ডবকে ‘গণহত্যার স্পষ্ট প্রমাণ’ বলছিলেন, তখন কক্সবাজারের কুতুপালং ও বালুখালীসহ বিভিন্ন ক্যাম্পে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে ন্যায়বিচারের জন্য পথ চেয়ে থাকা শরণার্থীরা অশ্রুসজল চোখে এবং স্বস্তির সঙ্গে এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান।
২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার দায়ের করা এই মামলার সাত বছরের আইনি লড়াই শেষ হচ্ছে আইসিজের রায়ের মধ্য দিয়ে। এই রায় আপিলযোগ্য নয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।

দৈনিক টার্গেট 























