হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে মুশফিক যে কতটা উচ্ছ্বসিত ছিলেন, সেটা দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিওতে। ডাগআউট থেকে চিৎকার করে মুশফিক বলেন, ‘আরও বড় কর। আরও বড় কর।’ । ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ২১৯ রানের রেকর্ড ইনিংস গতকাল ভেঙে হৃদয় করেছেন ২৪২ রান। নিজের রেকর্ড তাঁরই এলাকার ছোট ভাই ভেঙেছেন বলে মুশফিক অনেক খুশি। বিসিবির পোস্ট করা ভিডিওতে ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি সর্বোচ্চ রানের এমন ইনিংস দেখতে পেরে। আলহামদুলিল্লাহ, ড্রেসিংরুম থেকে এমন ইনিংস দেখা অনেক বড় পাওয়া।’
ভবিষ্যতে অন্য কেউ হৃদয়ের এই ইনিংসকেও ছাড়িয়ে যাবেন বলে প্রত্যাশা মুশফিকের। ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘ভবিষ্যতে আরও একজন হয়তো এই রেকর্ড ভাঙবে। রেকর্ড হয়ই ভাঙ্গার জন্য। আর সেটা জয়সূচক হলে এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এটা। আশা করি, এটা ম্যাচ জয়ী ইনিংস হবে ইনশা আল্লাহ।’
হৃদয়কে অভিনন্দন জানাতে গিয়ে মুশফিক যে কতটা খুশি, সেটা তাঁর পোস্টে অসংখ্য ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন। ৩৫৯ বলে ২২ চার ও ১১ ছক্কায় ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হৃদয়। তাঁর রেকর্ড ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড পেয়েছে। আজ চতুর্থ দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারালেও দুর্দান্ত খেলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬১ ওভারে ২ উইকেটে ক্যারিবীয়রা করেছে ২৫৩ রান।

দৈনিক টার্গেট 
























