উত্তর: বিয়ে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নতুন দাম্পত্যজীবনের সূচনা বরকত ও কল্যাণের মাধ্যমে করতে চাইলে শরিয়তসম্মত কিছু আমল ও সুন্নাহ মেনে চলা উচিত। বাসর রাত বা বিয়ের প্রথম রাত একটি পবিত্র ও নতুন জীবনের সুন্দর ভিত্তি গড়ার সময়। হাদিস ও সাহাবিদের আমলের আলোকে বিয়ের প্রথম রাতের গুরুত্বপূর্ণ করণীয় ও সুন্নত আমলগুলো নিচে তুলে ধরা হলো:
বিয়ের প্রথম রাতে স্ত্রীর সঙ্গে সুন্দর ও হৃদ্যতাপূর্ণ আচরণ করা সুন্নতের অন্তর্ভুক্ত। নতুন পরিবেশে আসা লজ্জাকাতর জীবনসঙ্গিনীর ভয় ও জড়তা কাটাতে হাসিমুখে কথা বলা এবং তার সঙ্গে সময় কাটানো জরুরি।
স্ত্রীকে ঘরে তোলার পর স্বামীর একটি সুন্দর আমল হলো স্ত্রীর মাথার অগ্রভাগে বা কপালে হাত রেখে বরকত ও কল্যাণের দোয়া করা। হাদিসে দোয়াটি এভাবে এসেছে—‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।’ অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে তার কল্যাণ এবং যে স্বভাবের ওপর তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি। আর তার অনিষ্ট এবং যে স্বভাবের ওপর তাকে সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ: ২১৬০)
পূর্বসূরি আলেমদের আমল থেকে জানা যায়, বিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব।
সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এক যুবককে পরামর্শ দিয়েছিলেন, সে যেন তার নতুন স্ত্রীকে নিজের পেছনে দাঁড় করিয়ে দুই রাকাত নামাজ আদায় করায়। এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং শয়তানের প্ররোচনা দূর হয়।
স্বামী-স্ত্রী একান্ত সময়ে মিলিত হওয়ার পূর্বে এই দোয়া পাঠ করা সুন্নত—‘বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।’ অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই দোয়ার পর তাদের ভাগ্যে কোনো সন্তান নির্ধারিত থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (সহিহ বুখারি: ১৪১)
স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত ও গোপনীয় বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করা অত্যন্ত জঘন্য অপরাধ। নতুন বিয়ের পর অনেকেই বন্ধুবান্ধবের সঙ্গে একান্ত গোপন কথা প্রকাশ করে থাকেন। হাদিসে কঠোরভাবে এটি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
দাম্পত্যজীবনের প্রথম রাত থেকেই একে অপরের হক আদায় এবং আল্লাহকে ভয় করে চলার নিয়ত করা উচিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—‘আর তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করবে। তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা তাকেই অপছন্দ করছ।’ (সুরা নিসা: ১৯)
বিয়ের প্রথম রাতটি প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত কাঙ্ক্ষিত ও বিশেষ একটি রাত। এই রাতটিকে শুধু দুনিয়াবি আনন্দেই সীমাবদ্ধ না রেখে, সুন্নাহভিত্তিক আমল ও দোয়ার মাধ্যমে শুরু করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরো দাম্পত্যজীবনে বরকত ও শান্তি নেমে আসে।
উত্তর দিয়েছেন, মুফতি শাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক

দৈনিক টার্গেট 

























