গত সপ্তাহে ইরানে নতুন করে বড় ধরনের হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে তাঁর অবস্থান এখনো চূড়ান্ত হয়নি। চলতি সপ্তাহের শেষ দিকে এশিয়া সফর থেকে ফেরার পর এ বিষয়ে তাঁর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও জোরালো হতে পারে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে ইসরায়েলও অংশ নেবে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনের নাম রয়েছে। এ ছাড়া সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং ইরানের সামরিক ও বেসামরিক নেতাদেরও লক্ষ্যবস্তু করা হতে পারে।
তবে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে হামলা এখনই আসন্ন নয়। ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা দেখব। সামনে নতুন একটি বছর আসছে। ১ জানুয়ারির পর কী ঘটে, তা দেখা যাবে। তারা খুবই খারাপ আচরণ করেছে। তারা অত্যন্ত খারাপ মানুষ।’
ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানো উচিত কি না, তা নিয়ে বিভিন্ন পক্ষের চাপের মুখে রয়েছেন ট্রাম্প। নেতানিয়াহু যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলোর নেতারা আশঙ্কা করছেন, ইরান পাল্টা ভয়াবহ হামলা চালাতে পারে। বিশেষ করে এসব দেশের তেল ও গ্যাস স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাই তাঁরা ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থেকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলও এ বিষয়ে বিভক্ত। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বড় ধরনের সামরিক পদক্ষেপের পক্ষে রয়েছেন। তবে ট্রাম্প ও তাঁর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলোচনায় জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলোর পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। তা সত্ত্বেও ট্রাম্প বারবার ইরানে হামলার বিকল্পটি বিবেচনায় আনছেন।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেমনটি বলেছেন, আমাদের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান ইরানকে এতটাই বিপর্যস্ত করেছে যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর কোনো প্রয়োজন নেই। তবে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্পই রয়েছে।’
এদিকে, ইরানে হামলার বিভিন্ন সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া জানতে পেন্টাগন ও গোয়েন্দা বিশেষজ্ঞদের কাছে মূল্যায়ন চেয়েছে হোয়াইট হাউস। এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তৈরি করা হামলার বিকল্পগুলোর মধ্যে কোনটি বেছে নিলে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় ইরানের ভয়াবহ পাল্টা হামলা এড়ানো সম্ভব হবে, তা জানতে চেয়েছে ওয়াশিংটন।
রাসায়নিক অস্ত্রের অভিযোগ ইসরায়েলের
ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির তৎপরতাকে সামনে এনে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরছে ইসরায়েল। এ উদ্দেশ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গফম্যান। ওয়াশিংটন ও মিয়ামি সফরে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী গফম্যানকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর পক্ষে যুক্তি তুলে ধরতে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলি একটি সূত্র।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে গফম্যান ইরানের রাসায়নিক অস্ত্র তৈরিসংক্রান্ত কার্যক্রম নিয়ে ইসরায়েলের উদ্বেগের কথা তুলে ধরেন। ইসরায়েলের দাবি, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা থেকে বোঝা যায়, ইরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে এবং এ ধরনের অস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এসব গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরান গ্যাস ও জৈব অস্ত্র নিয়ে ভাবছে। কারণ, আমরা তাদের পারমাণবিক কর্মসূচির পথ বন্ধ করে দিয়েছি। পারমাণবিক অস্ত্র তৈরি করা অনেক কঠিন। তাই তারা এখন গ্যাস ও জৈব অস্ত্রের দিকে ঝুঁকছে। বিষয়টি মোটেও ভালো নয়।’
তবে ইরানের রাসায়নিক অস্ত্রের হুমকি কতটা আসন্ন, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের ভেতরেই মতভেদ রয়েছে। দুই দেশের কর্মকর্তারা বলছেন, ইরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও কার্যক্রম বাড়ালেও বর্তমানে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা দেশটির নেই।
বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র বলেন, ‘গফম্যানের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে তাদের সামরিক ব্যবস্থা নিতে হবে। তবে তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।’
তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা গফম্যানের রাসায়নিক অস্ত্রসংক্রান্ত দাবির বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের একজনের মতে, গফম্যানের বক্তব্যের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য কাজ করছে বলে মনে হয়েছে।
ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সমন্বয়
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল বুধবার ইসরায়েল সফর করেন। সেখানে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির এবং মোসাদপ্রধান রোমান গফম্যানের সঙ্গে বৈঠক করেন।
আইডিএফ জানিয়েছে, বৈঠকে ইরান পরিস্থিতি এবং ‘বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও যৌথ প্রস্তুতি আরও জোরদার করার’ বিষয়ে আলোচনা হয়েছে। পরে কুপার সৌদি আরব সফর করেন। সেখানে তিনি ইরান এবং ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দৈনিক টার্গেট 

























