ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগে। আগুনে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কক্ষে ছড়াতে পারেনি।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।’
পায়রাবন্দ এলাকার অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লাগল, তা কেউ জানেন না। কক্ষের সব বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা প্রথমে দেখতে পাননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁদের জানান। পরে শিক্ষকেরা বিষয়টি জানতে পারেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।’
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দৈনিক টার্গেট 



















