নির্বাচনে সবচেয়ে বেশি অর্থ অনুদান দেওয়া ব্যক্তি ছিলেন ইলন মাস্ক। রেকর্ড ৪৪ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ৫ হাজার ৫৬৫ কোটি টাকা) খরচ করেছিলেন তিনি। বিশেষ করে টেক্সাসে দলটির প্রার্থীদের পেছনে অর্থ খরচ করেন তিনি। মাস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রম এ অঙ্গরাজ্যে অবস্থিত।
এর আগে ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে যাওয়ার প্রচারাভিযানে সমর্থন দিয়েছিলেন মাস্ক। তবে বুধবার তিনি বলেন, তিনি ‘মাগা’ আন্দোলনের অংশ নন। মাগা বা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক আন্দোলন।
মাস্ক বলেন, ‘আমি মাগা নই।’ ডানপন্থী রাজনৈতিক আন্দোলনটির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাগা বলতে কী বোঝায়, তা আমি নিশ্চিত নই। যদি এর অর্থ হয় রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য, তাহলে আমি নিশ্চিতভাবেই তা করি না।’
মাস্কের বক্তব্যে আগের অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এর আগে তাঁকে মাগা লেখা টুপি পরতে দেখা গেছে।
২০২৪ সালে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশে রসিকতা করে মাস্ক বলেছিলেন, ‘আমি শুধু মাগা নই, আমি ডার্ক মাগা।’
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে কয়েক মাস বিনা বেতনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ এবং প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মাস্ক। সে সময় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগ বা ডোজের (ডিওজিই) নেতৃত্ব দেন তিনি।
২০২৬ সালের অক্টোবরে পেন্টাগন মাস্ককে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামের যুদ্ধের ভবিষ্যৎবিষয়ক একটি গবেষণার যৌথ প্রধান হিসেবে নিয়োগ দেয়। এর পাশাপাশি তিনি ট্রাম্পের সঙ্গে ভ্রমণ ও তাঁকে পরামর্শ দেওয়া অব্যাহত রাখেন।
মাস্ক বলেন, রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে এত অর্থ ব্যয় করেও তেমন কোনো সুফল তিনি দেখতে পাননি। তবে তাঁর ধারণা, এই অর্থ ব্যয় না করা হলে প্রার্থীদের ফল আরও খারাপ হতে পারত।
রিপাবলিকানদের পরাজয়ে চাপে পড়তে পারে মাস্কের ব্যবসা
মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দলটি দোদুল্যমান আসনগুলোতে জয় পেয়েছে এবং কয়েক দশক ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতেও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আর বিপুলসংখ্যক রিপাবলিকান প্রার্থীর পরাজয়ের প্রভাব পড়তে পারে মাস্ক ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর।
সিনেট ও প্রতিনিধি পরিষদে ক্ষমতায় আসা ডেমোক্র্যাটরা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ওপর আরও কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছেন। বিতর্কিত ডেটা সেন্টার নির্মাণের বিষয়টিও তাঁদের নজরদারির আওতায় থাকবে।
জর্জিয়ায় স্পেসএক্সের ডেটা সেন্টার পরিচালনার কার্যক্রম রয়েছে। অঙ্গরাজ্যটির নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এসব বিশাল স্থাপনা নির্মাণ ও সম্প্রসারণ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ডেটা সেন্টার নির্মাণে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যে কর ছাড় পেয়ে থাকে, তা নিয়েও পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা স্পেসএক্সের বিরুদ্ধে তদন্তের প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি আনুমানিক ১০ বিলিয়ন ডলারের (প্রায় ১ লাখ ২৪ হাজার ৭৫০ কোটি টাকা) নতুন সরকারি চুক্তি পেয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়গুলোর একটি পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। টেক্সাসে যুক্তরাষ্ট্রের সিনেটের একটি আসনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন তিনি।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, প্যাক্সটনের সমর্থনে অন্তত ৪ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৫ হাজার ৬১৩ কোটি টাকা) ব্যয় করেছিলেন মাস্ক।
টেক্সাসেই মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট ও প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। বুধবার মাস্ক বলেন, টেক্সাসের নতুন গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোজোসা ‘বেশ মধ্যপন্থী’ হবেন বলে তাঁর বিশ্বাস।
রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয় পেয়েছেন হিনোজোসা। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটিতে রিপাবলিকানদের তিন দশকের বেশি সময়ের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।
টেসলার প্রধান নির্বাহী আরও বলেন, ‘আমার মনে হয় না তিনি কট্টর বামপন্থী গভর্নর হবেন। তাঁর সম্পর্কে যতটুকু শুনেছি, তাতে মনে হয় জিনা গভর্নর থাকাকালে টেক্সাসে সবকিছু ঠিকঠাকই চলবে।’

দৈনিক টার্গেট 

























