স্মার্টফোনের চিপ ব্যবসায় চাপের মুখে রয়েছে কোয়ালকম। ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের চাহিদা কমে যাওয়া এবং মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্মার্টফোন বিক্রিতে প্রভাব পড়েছে। এ ছাড়া অ্যাপলের পণ্য থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত আয় কমে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা অক্টোবরে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিইও ক্রিস্টিয়ানো আমন বলেন, কর্মদক্ষতাভিত্তিক সংস্কৃতি আরও শক্তিশালী করতে চায় কোয়ালকম। পাশাপাশি যেসব কর্মী ধারাবাহিকভাবে প্রত্যাশিত কর্মদক্ষতা দেখাতে পারছেন না, তাঁদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক অগ্রাধিকার, সাংগঠনিক প্রয়োজন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।
স্মার্টফোন ব্যবসার ওপর নির্ভরতা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো, ডেটা সেন্টার এবং গাড়ির প্রযুক্তিসহ নতুন খাতে বিনিয়োগ করছে কোয়ালকম। এ পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোয়ালকমের ছাঁটাইয়ে ঠিক কতজন কর্মী চাকরি হারাবেন, তা এখনো নিশ্চিত নয়। এর আগে বিভিন্ন হিসাবে বলা হয়েছিল, ভারতে প্রায় ১ হাজার কর্মী এ ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন। তবে পরবর্তী প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম হতে পারে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে কোয়ালকমের কর্মীসংখ্যা ছিল প্রায় ৫২ হাজার।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ইতিমধ্যে কয়েকজন কর্মী চাকরি অবসানের নোটিশ পেয়েছেন। চাকরি হারানো কর্মীদের জন্য ক্ষতিপূরণ প্যাকেজের বিষয়টি সামনে এসেছে। কর্মীদের অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী, এ প্যাকেজে একাধিক আর্থিক সুবিধা থাকতে পারে।
রেডিটে কোয়ালকমের কয়েকজন কর্মীর দেওয়া তথ্য অনুসারে, ক্ষতিপূরণ হিসেবে চাকরি হারানো কর্মীরা প্রথমে দুই সপ্তাহের মোট বেতনের সমপরিমাণ অর্থ পেতে পারেন। এর সঙ্গে প্রতিষ্ঠানটিতে চাকরির প্রতি বছরের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন দেওয়ার কথা রয়েছে। চাকরির অসম্পূর্ণ বছরের জন্যও আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকতে পারে। এ ছাড়া স্বাস্থ্যবিমা বা স্বাস্থ্যসেবার খরচ বাবদ এককালীন অর্থ দেওয়ার বিষয়টিও প্যাকেজে অন্তর্ভুক্ত থাকতে পারে।
ক্ষতিপূরণ প্যাকেজের একটি উল্লেখযোগ্য দিক হলো, নির্ধারিত সময়ের মধ্যে চাকরি ছাড়ার চুক্তিতে সই করলে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ। কয়েকজন কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে চুক্তিতে সই করলে অতিরিক্ত এক মাসের বেতন দেওয়া হতে পারে। তবে সময়সীমা ও শর্ত কর্মীদের পৃথক চুক্তি অনুযায়ী ভিন্ন হতে পারে।
চুক্তিতে সই করার আগে এর শর্তগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির কিছু ধারায় চাকরিসংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাবি তোলার নির্দিষ্ট অধিকার ছেড়ে দেওয়ার শর্ত থাকতে পারে। অনলাইনে কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্ষতিপূরণের বিষয়টি জানা গেলেও প্রত্যেক কর্মীর নিজস্ব চুক্তিতে উল্লেখ করা শর্তই তাঁর প্রাপ্য সুবিধা নির্ধারণ করবে।

দৈনিক টার্গেট 
























