তবে এই কমার বা বাড়ার গল্প শুধু প্রযুক্তির হিসাব-নিকাশ নয়, এর গভীরে লুকিয়ে আছে মানুষের মানসিকতা, ক্লান্তি এবং আধুনিক জীবনযাত্রার এক অন্য রূপ।
চমকপ্রদ তথ্যটি এসেছে চীন, রাশিয়া ও ব্রাজিলের মতো বড় বাজারগুলো থেকে। ২০২৫ সালের হিসাব বলছে, এই দেশগুলোতে মোট মোবাইল ব্যবহারের ঘণ্টা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু চীনেই এক ধাক্কায় ১৬৪ বিলিয়ন ঘণ্টা থেকে কমে স্ক্রিন টাইম নেমে এসেছে ১৪৮ বিলিয়ন ঘণ্টায়। অর্থাৎ এক বছরে প্রায় ১০ শতাংশ পতন। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? মনস্তাত্ত্বিকদের মতে, মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম বা অনলাইন ফ্যাটিগ এখন মানুষের বাস্তব জীবন গ্রাস করছে। একটানা নোটিফিকেশন, কাজের চাপ আর ভার্চুয়াল দুনিয়ার অন্তহীন ইঁদুরদৌড়ে মানুষ এবার হাঁপিয়ে উঠছে। একপ্রকার সচেতন বা অবচেতন লগ অফ করার প্রবণতা তৈরি হচ্ছে উন্নত বা বড় অর্থনীতিগুলোতে। তারা বুঝতে পারছে, স্ক্রিনের বাইরের বাস্তব পৃথিবীটা অনেক বেশি স্বস্তির। মানুষ এখন স্ক্রিন টাইম কমিয়ে ঘুম, বই পড়া কিংবা সরাসরি মেলামেশার দিকে ঝুঁকছে।
স্ক্রিন টাইমের এই ওঠানামা আমাদের একটি বড় সত্যের মুখোমুখি দাঁড় করায়। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় পুরো বিশ্বকে এনে দিয়েছে ঠিকই, কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে ভার্চুয়াল এই কৃত্রিম আলোয় সারাক্ষণ বুঁদ হয়ে থাকাটা সুস্থ জীবনের লক্ষণ নয়। চীন বা ব্রাজিলের মতো দেশগুলোতে মোট ব্যবহার কমার প্রবণতা হয়তো ভবিষ্যতের একটি নতুন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। সেখানে মানুষ প্রযুক্তির দাস না হয়ে তার সঠিক ব্যবহারকারী হতে চাইছে। বিশ্বজুড়ে স্ক্রিন টাইমের এই হ্রাস-বৃদ্ধির টানাপোড়েন আসলে মানুষের মনোযোগ ও স্বাধীনতার নতুন এক লড়াইয়েরই গল্প।
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, বিবিসি

দৈনিক টার্গেট 


















