ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) গ্লোবাল রিসার্চের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনে বৈদ্যুতিক ট্রাক বিক্রি হয়েছে ৬ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের তুলনায় এই বিক্রি ৪৫ শতাংশ বেশি। সব ধরনের ট্রাকের মোট বিক্রির ৩০ শতাংশই এখন বৈদ্যুতিক ট্রাক।
সোমবার (২৩ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, চীনের বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভারী বৈদ্যুতিক ট্রাকের ক্ষেত্রে। এসব ট্রাকে তুলনামূলক বড় ব্যাটারি ব্যবহৃত হয়, ফলে লিথিয়ামের প্রয়োজনও বেশি। বছরের প্রথম ১০ মাসে এ ধরনের ট্রাক বিক্রি হয়েছে ২ লাখ ৬২ হাজার ইউনিট, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর চীনের ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানিও বেড়েছে। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পরবর্তী চার মাসে এসব ট্রাকের রপ্তানি দ্বিগুণের বেশি বেড়ে ১৬ হাজার ৮২৩ ইউনিটে পৌঁছেছে। এর প্রায় অর্ধেক গেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। জ্বালানির বাড়তি ব্যয় এসব অঞ্চলে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়িয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক আর্কেন গ্রিন মেটাল ফান্ডের তহবিল ব্যবস্থাপক ওয়াই জে লি রয়টার্সকে বলেন, চলতি বছর বিশ্বজুড়ে বৈদ্যুতিক ট্রাকের জন্য মোট লিথিয়াম সরবরাহের প্রায় ৭ শতাংশ প্রয়োজন হবে। ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১২ শতাংশে পৌঁছাতে পারে। এই চাহিদা ১ কোটি ১৫ লাখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চাহিদার সমান।
তবে লিথিয়ামের বাজার এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। জ্বালানি সংরক্ষণব্যবস্থায় চাহিদার অনিশ্চয়তা এবং নতুন খনি চালু হওয়ায় সরবরাহ বাড়ার আশঙ্কায় লিথিয়ামের দাম চাপে রয়েছে। গত মে মাসে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর দাম প্রায় অর্ধেকে নেমেছে।
ফাস্টমার্কেটসের জ্যেষ্ঠ লিথিয়াম বিশ্লেষক কনর ওয়াটস বলেন, দাম আরও কমার আশঙ্কায় চীনের ক্রেতারা এখনই লিথিয়াম কিনতে আগ্রহী নন। তাঁর মতে, শুধু বৈদ্যুতিক ট্রাক ও বিদ্যুৎ খাতের চাহিদা দিয়ে আপাতত লিথিয়ামের দাম ধরে রাখা সম্ভব নয়। ফলে বৈদ্যুতিক ট্রাকের বাজারে প্রবৃদ্ধি দেখা দিলেও লিথিয়ামের সামগ্রিক বাজারে অনিশ্চয়তা কাটেনি।

দৈনিক টার্গেট 


























