আবুধাবিতে আদিপেক ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন অল্টম্যান। তিনি বলেন, এআইয়ের সক্ষমতা যত বাড়বে, এর নিরাপত্তা, জবাবদিহি এবং ভবিষ্যৎ নির্ধারণে মানুষের ভূমিকা নিয়ে তত বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসবে। এআইকে মানুষের সেবায় নিয়োজিত একটি হাতিয়ার হিসেবেই রাখতে হবে, সমাজের জন্য কোনটি ভালো, সেই সিদ্ধান্ত প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না।
এআইয়ের দ্রুত বিকাশ কর্মসংস্থান ও মানুষের কাজের ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও স্বীকার করেন তিনি। তাঁর মতে, কিছু প্রচলিত পেশা এআইয়ের কারণে ঝুঁকিতে পড়লেও নতুন সুযোগও তৈরি হবে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খাপ খাইয়ে নিতে হবে। একই সঙ্গে এআই ব্যবস্থাকে নিরাপদ রাখা এবং মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দায়িত্ব নির্মাতাদের ওপরই বর্তায়।
এদিকে জ্বালানি খাতে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে ওপেনএআই ও আবুধাভিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২-এর সঙ্গে নতুন চুক্তি করেছে ইউএইর রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক।
এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার বিদ্যুতের চাহিদাও বাড়াবে বলে উল্লেখ করেন অল্টম্যান। তবে সাম্প্রতিক বছরগুলোতে এআই কম্পিউটিংয়ের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি। তাঁর মতে, এআই বিজ্ঞান গবেষণায় নতুন আবিষ্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দৈনিক টার্গেট 
























