দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টিও আদায় করে দলটি। তবে অধিনায়ক চেনচোর স্পটকিক ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। পেনাল্টি মিসের আক্ষেপ অবশ্য বেশিক্ষণ রাখতে হয়নি ভুটানকে। ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–২ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে গ্রুপসেরা হওয়ার লড়াই এখনো বাকি। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কা ড্র করলেই সেমিফাইনালে উঠবে। অন্যদিকে বাংলাদেশ দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা। ভুটানের সেমিফাইনালের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর।
বাংলাদেশ দলের প্রস্তুতিও এগোচ্ছে। শেখ মোরছালিন আজ পুরো সময় অনুশীলন করেছেন। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সারেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।

দৈনিক টার্গেট 
























