জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর; ভেন্যু সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তার ওপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের টাটকা স্মৃতি তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। স্বাভাবিকভাবেই এই সিরিজে ফেবারিট প্রোটিয়ারা। তবে সেই তকমা গায়ে লাগিয়ে প্রতিপক্ষকে ছোট মনে করার মতো ভুল করতে চান না রাবাদা।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রাবাদা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি ম্যাচেই সব সময় অনেক কিছু পাওয়ার বা হারানোর থাকে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে সেই চাপ আরও বাড়বে। সাম্প্রতিক সময়ে তারা যেভাবে খেলেছে, তাতে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। বিষয়টি আসলে রোমাঞ্চকর। সবাই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলতে চায়। বাংলাদেশও এখানে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে। এই লড়াইয়ের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। আশা করি, আগের সিরিজের মতো এবারও আমরা এক্সাইটিং ক্রিকেট দেখতে পাব। তাতে প্রমাণ হবে, ক্রিকেট কতটা স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এই লড়াইয়ে মাঠে নামতে আমরা মুখিয়ে আছি।’
রাবাদা আরও যোগ করেন, ‘এই সিরিজ নিয়ে বলতে গেলে, আসলে আমরা যেভাবে ইতিবাচক ক্রিকেট খেলে আসছি সেগুলোকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। এর পাশাপাশি কোনো সিরিজ বা কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নাহলে সবাই কেবল মজা এবং উপভোগের মতো করেই সবকিছু নেবে, ভেতরের এফোর্টটা আসবে না। ফলে সবকিছু একদম অ্যাকুরেট আছে বলে আমি মনে করি।’

দৈনিক টার্গেট 
























