গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে পার্ক করা মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আজ এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তবে এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, ঠিক একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানান অরাজকতা-অপতৎপরতা রুখে দিবে। আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ন্যক্কারজনক ও বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য এসব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই।
বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দৈনিক টার্গেট 



























